ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী উত্তেজনার জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নে গোষ্ঠীগত সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে তোফাজ্জলের গোষ্ঠী ও ফখরুলের গোষ্ঠীর মধ্যে পূর্ববিরোধ ছিল। শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১০ জন আহত হন। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িঘর।
সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নজরদারিতে রেখেছে।
নতুন করে সংঘাত এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।
এএস/

