Logo

সারাদেশ

কম্বলে মোড়ানো অবস্থায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪০

কম্বলে মোড়ানো অবস্থায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের সাত দিন পর হাফিজা (৭) নামে প্রথম শ্রেণির এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের সাত দিন পর হাফিজা (৭) নামে প্রথম শ্রেণির এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু হাফিজা উয়ার্শী ইউনিয়নের বরটিয়া গ্রামের পোশাক শ্রমিক মো. সোহেল মিয়ার মেয়ে। চাকরির সুবাদে পরিবারটি কদিম দেওহাটা এলাকায় মাজহারুল নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন।

পরিবারের সদস্যরা জানান, গত ৭ ফেব্রুয়ারি বিকেলে বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় হাফিজা। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ওই রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে বাধ্য হয়ে হাফিজার বাবা বিকাশের মাধ্যমে ৪ হাজার টাকা দেন। বাকি টাকা নেওয়ার জন্য বিভিন্ন স্থানে যেতে বলা হয়।

পরবর্তীতে ১০ ফেব্রুয়ারি কৌশলে টাকা দেওয়ার কথা বলে পরিবারের সদস্যরা মুক্তিপণ দাবিকারী এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ওই রাতেই মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তার হওয়া সাজিদ সিকদার (১৮) একই ইউনিয়নের বাইমাইল দক্ষিণপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা দেওহাটা পুলিশ ফাঁড়ির এসআই নূরনবী জানান, শুক্রবার রহিমা বেগমের একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে লাল-গোলাপি পাতলা কম্বলে মোড়ানো অবস্থায় হাফিজার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার সাজিদ সিকদারকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

রাব্বি ইসলাম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর