বরিশালের ৬ আসনে ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে মোট ২০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। তাদের মধ্যে বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির সাবেক তিনবারের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুও রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে বরিশালের ছয়টি আসনের ৩৬ জন প্রার্থীর মধ্যে ২০ জন প্রার্থী কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন। সংশ্লিষ্ট আসনগুলোর ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
বরিশাল-১ আসনে জাতীয় পার্টির (জেপি) সেরনিয়াবাত সেকেন্দার আলী বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৩৬ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাসেল সরদার হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮৪৬ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩ হাজার ৮৬০। প্রয়োজনীয় ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
বরিশাল-২ আসনে জাতীয় পার্টির (জেপি) আব্দুল হক (বাইসাইকেল) পেয়েছেন ২ হাজার ৩২৯ ভোট, জাতীয় পার্টির এম এ জলিল (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ১৯৯ ভোট, ইসলামী আন্দোলনের মোহাম্মাদ নেছার উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ৬ হাজার ২১ ভোট, জাসদের মো. আবুল কালাম আজাদ (মোটরগাড়ি) পেয়েছেন ১৩৫ ভোট, গণঅধিকার পরিষদের রঞ্জিত কুমার বাড়ৈ (ট্রাক) পেয়েছেন ৭০০ ভোট এবং এনপিপির সাহেব আলী (আম) পেয়েছেন ১৮৫ ভোট। মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭৫। ফলে উল্লিখিত ছয়জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
বরিশাল-৩ আসনে ট্রাক প্রতীকের এইচ এম ফারদিন ইয়ামিন পেয়েছেন ৮৬০ ভোট, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু (লাঙ্গল) পেয়েছেন ১৪ হাজার ১৮৪ ভোট, ইসলামী আন্দোলনের মুহাম্মাদ সিরাজুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ১৬ হাজার ৩২৫ ভোট এবং মই প্রতীকের আজমুল হাসান জিহাদ পেয়েছেন ২১৪ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ১ লাখ ৭৭ হাজার ৭১৬। প্রয়োজনীয় ভোটের হার অর্জন করতে না পারায় এ চারজনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
বরিশাল-৪ আসনে মুক্তিজোটের আব্দুল জলিল (ছড়ি) পেয়েছেন ৪১৩ ভোট এবং জাসদের আব্দুস সালাম খোকন (মোটরগাড়ি) পেয়েছেন ৩৩৪ ভোট। মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৪৫ হাজার ৪। ফলে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
বরিশাল-৫ আসনে জাতীয় পার্টির আখতার রহমান (লাঙ্গল) পেয়েছেন ৯০৯ ভোট, এনপিপির আব্দুল হান্নান সিকদার (আম) পেয়েছেন ৪৯৪ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কাঁচি প্রতীকে পেয়েছে ৩০০ ভোট। মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৬২ হাজার ৪৭০। এ তিন প্রার্থীরও জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
বরিশাল-৬ আসনে বাংলাদেশ মুসলিম লীগের আব্দুল কুদ্দুস (হারিকেন) পেয়েছেন ২৪৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল ইসলাম খান (ফুটবল) পেয়েছেন ৩৬৬ ভোট এবং গণঅধিকার পরিষদের মো. সালাউদ্দিন মিয়া (ট্রাক) পেয়েছেন ১৩৯ ভোট। মোট প্রদত্ত ভোট ছিল ১ লাখ ৭১ হাজার ১৩৮। ফলে এ তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
বরিশালের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।
গাজী আরিফুর রহমান/এসএসকে/

