সিরাজগঞ্জে ভোট নিয়ে সংঘর্ষে ৭ জন আহত
তাড়াশ, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৪
সিরাজগঞ্জের তাড়াশে ভোট দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিনের অনুসারীদের হামলায় নারীসহ কমপক্ষে সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এই সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমিন উদ্দিনের কথা না শুনে অন্য এক বিএনপি নেতার কথায় ভোট দিতে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তার অনুসারীরা লাঠিসোঠা নিয়ে কয়েকটি বাড়িতে হামলা চালায়। হামলায় সিয়াম হোসেন (১৩), সুলতান মাহমুদ (৩২), সবুরা খাতুন (২৬), রহিম হোসেন (৩০), আব্দুল গফুর (৩২), মোছাম্মৎ মোস্তারিন পারভীন (৩০) এবং রেহেনা খাতুন (২০) আহত হন।
আমিন উদ্দিন হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী জানিয়েছেন, তিনি আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান জানিয়েছেন, এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ফিরোজ আল আমিন/এসএসকে/

