নড়াইলে জামায়াত কর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৯
নড়াইল সদর উপজেলায় জামায়াত কর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার ভোর রাতে উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আহসান আজিজুল হাকিম (৩২) স্থানীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিছালী ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক। তিনি নড়াইল-১ আসনের পরাজিত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সারের নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন বলে জানান।
আহসান আজিজুল হাকিমের দাবি, শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে তার বাড়ির উঠানে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি চলাফেরা করছিল। বিষয়টি টের পেয়ে তিনি বাইরে বের হলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে ভোররাত চারটার দিকে বিকট শব্দ শুনে তিনি জানালা খুলে দেখেন তার ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটিতে আগুন জ্বলছে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলের বেশ কিছু অংশ পুড়ে যায়।
হাকিমের অভিযোগ, রাজনৈতিক কারণে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করায় শত্রুতাবশত এ ঘটনা ঘটানো হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।’
বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. হাসিবুর মোল্যা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মোটরসাইকেলটি পুড়ে যেতে দেখেন। তিনি এ ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে বলেন, রাজনৈতিক মতভেদের কারণে কারও ক্ষতি করা উচিত নয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কৃপা বিশ্বাস/এসএসকে/

