বগুড়া-৬ : তারেক রহমান পেয়েছেন মায়ের চেয়ে কম ভোট
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৫
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনে মা খালেদা জিয়ার তুলনায় কম ভোট পেয়েছেন। জেলার সাতটি সংসদীয় আসনের সবকটিতেই জিতেছে বিএনপি। বগুড়ায় ভোটের সংখ্যার দিক থেকে তারেক রহমানের অবস্থান তৃতীয়।
জেলায় ২ লাখ ৬৪ হাজার ২১২ ভোট পেয়ে প্রথম হয়েছেন বগুড়া-৭ আসনের মোরশেদ মিল্টন। দ্বিতীয় হয়েছেন বগুড়া-৫ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, যিনি পেয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। ভোটের হার পড়েছে ৭১.৩ শতাংশ।
বগুড়া-৬ ‘বিএনপির আসন’ হিসেবে পরিচিত। এখানে পরপর চারবার দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করেছিলেন। খালেদা জিয়া ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিপুল ভোটে জয়ী হয়েছেন। এর মধ্যে ২০০১ সালের নির্বাচনে তিনি সর্বোচ্চ ২ লাখ ২৭ হাজার ৩৩৫ ভোট পান। তবে সেবার বিএনপি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ ছিল।
এর আগে ১৯৯৬ সালের নির্বাচনে খালেদা জিয়া পেয়েছিলেন ১ লাখ ৩৬ হাজার ৬৬৯ ভোট, সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে ১ লাখ ৯৩ হাজার ৭৯২ ভোট। ২০১৮ সালে আসনটিতে প্রার্থী হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি পেয়েছিলেন ২ লাখ ৫ হাজার ৯৮৭ ভোট। মির্জা ফখরুল আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে গোলাম মোহাম্মদ সিরাজ পান মাত্র ৮৯ হাজার ৭৪২ ভোট।
এইবার মায়ের আসনে তারেক রহমান প্রথম নির্বাচন করেও ভোটসংখ্যা বাড়াতে পারেননি। তবে অন্য সময় জামায়াত জোটবদ্ধ থাকলেও এবার তারা ছিল প্রধান প্রতিপক্ষ।
জেলা বিএনপির এক প্রবীণ নেতা বলেন, “তারেক রহমানকে আরও বেশি ভোটে জয়লাভ করা উচিত ছিল; কিন্তু কর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রচারণা করেননি। এ ছাড়া আরও কিছু দুর্বলতা ছিল। জামায়াতও কঠোর পরিশ্রম করে ভোট সংখ্যা বাড়িয়েছে।”
তবে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এই যুক্তি মানতে নারাজ। তিনি বলেন, “জামায়াত টাকা ছড়িয়েছে। এ কারণে তাদের ভোট বেড়েছে। আমরা ২০১৮ সালের তুলনায় ভোট অনেক বাড়াতে সক্ষম হয়েছি।”
এএস/

