এনএসআই পরিচয়ে নবনির্বাচিত এমপির কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার যুবক
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী–এর কাছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মো. ফখরুদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফখরুদ্দিনের বাড়ি চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে।
সেনাবাহিনী সূত্র জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইফানের নেতৃত্বে একটি বিশেষ দল ছমদর পাড়ায় অভিযান চালায়। অভিযানে ফখরুদ্দিনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত সদস্য হিসেবে পরিচয় দেন। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
অভিযানের সময় তাঁর কাছ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা একাধিক ভুয়া ছবি, একটি মুঠোফোন, একটি মানিব্যাগ এবং বিভিন্ন পরিচয়পত্র ও ছবি উদ্ধার করা হয়।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছিলেন। আটকের পর তাঁকে আইনি প্রক্রিয়ার জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এএস/

