চাঁদপুরে ২০৩ সিলমোহরকৃত ব্যালট উদ্ধার, আদালতের নির্দেশে মামলা
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪১
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে চাঁদপুর সদরের একটি ভোটকেন্দ্রে গোলযোগ ও ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার রাতে চাঁদপুর সদর মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। চাঁদপুর-৩ আসনের আওতাধীন ওই কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে গোলযোগের সৃষ্টি হয় বলে জানা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ। সেখানে গিয়ে তিনি দেখতে পান, কেন্দ্রে দায়িত্বরত আনসার ও পুলিশ সদস্যরা কয়েকজনকে ধাওয়া করছেন এবং কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে প্রায় ৪০-৫০ জন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
পরে কেন্দ্রের ভেতর ও বাইরে তল্লাশি চালিয়ে কেন্দ্রের সামনের রাস্তা থেকে ২১টি ব্যালট পেপার উদ্ধার করা হয়। এছাড়া কেন্দ্রের ভেতর ও বাইরে থেকে সর্বমোট ২০৩টি সিলমোহরকৃত ব্যালট পেপার উদ্ধার করা হয়, যা কেন্দ্র থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
ম্যাজিস্ট্রেটের নির্দেশে সাক্ষীদের উপস্থিতিতে ব্যালট পেপারগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর বিভিন্ন ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে শুক্রবার বেঞ্চ সহকারী মো. ইয়ামিন হোসাইন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন জানান, এজাহারের ভিত্তিতে অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং মামলাটির তদন্ত চলছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ বলেন, ঘটনার পর তিনি নিজেও ওই কেন্দ্রে গিয়েছিলেন। মামলাটি তদন্তের জন্য উপ-পরিদর্শক (এসআই) মো. ফেরদৌসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আলআমিন ভূঁইয়া/এআরএস

