ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জ শহরে একটি কাচ্চি দোকান থেকে কেনা বোতলজাত বোরহানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পোড়রা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. কবির হোসেন জানান, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর জেলার শমসেরাবাদ এলাকার তার আত্মীয় আশরাফুল আলম তাদের বাসায় বেড়াতে আসেন। এসময় তিনি শহরের শহীদ রফিক সড়কের একটি কাচ্চির দোকান থেকে ২৫০ মিলিলিটারের পাঁচটি বোতল বোরহানি নিয়ে আসেন।
দুপুর আড়াইটার দিকে কবির হোসেনের বাসায় রান্না করা খাবারের সঙ্গে তার মা নাজমা বেগম, স্ত্রী পপি আক্তার এবং অতিথি আশরাফুল আলম ওই বোরহানি পান করেন।
বোরহানি পান করার কিছুক্ষণ পর, বিকেল ৩টার দিকে তারা অসুস্থ হয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীরা জানান, বোরহানি খাওয়ার পর থেকেই তাদের মাথা ঘুরতে শুরু করে এবং ধীরে ধীরে অচেতন হয়ে পড়েন।
এ ঘটনায় কবির হোসেন মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে কাচ্চি ডাইনের মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আকাশ মৃধা বলেন, ‘এখানে অনেকেই খাচ্ছেন, আমাদের বোরহানি প্রতিদিন তাজা বানানো হয়। এমন হওয়ার প্রশ্নই আসে না। এই অভিযোগগুলো ভিত্তিহীন।’
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আফ্রিদি আহাম্মেদ/এআরএস

