মির্জাপুরে বাতিলের চেয়েও কম ভোট পেয়ে জামানত হারালেন তোফাজ্জল
রাব্বি ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৩
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থীর প্রাপ্ত ভোট বাতিল ভোটের চেয়েও কম। এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ৭৮৫টি, যা মোট ভোটারের ৫৮ দশমিক ১৩ শতাংশ।
ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট।
অপরদিকে, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মনোনীত হাতি প্রতীকের প্রার্থী মো. তোফাজ্জল হোসেন পেয়েছেন মাত্র ১ হাজার ৪৯২ ভোট। উল্লেখ্য, এই আসনে বাতিল ভোটের সংখ্যা ছিল ৪ হাজার ৪৬৭টি; অর্থাৎ বাতিল ভোটের চেয়েও প্রায় ৩ হাজার ভোট কম পেয়েছেন তিনি।
মির্জাপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. সাজেদুর রহমান জানান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪১ (১) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো আসনে মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীর নির্বাচনী জামানত বাজেয়াপ্ত হয়। এই বিধান অনুসারে মো. তোফাজ্জল হোসেনের জামানত বাজেয়াপ্ত হবে এবং তার জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা হবে।
এআরএস

