বরুড়ায় ট্রেনে কাটা পড়ে অটোচালক নিহত
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১২
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার বরুড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ মহিউদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন বরুড়া উপজেলার দক্ষিণ শিলমুড়ী ইউনিয়নের বাঁশপুর খিলপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মহিউদ্দিন পেশায় একজন অটোচালক ছিলেন। প্রতিদিনের মতো রোববার সকালেও তিনি অটো নিয়ে কাজে বের হন। সাড়ে আটটার দিকে বাগমারা চেঙ্গাহাটা এলাকায় রেললাইনের পাশে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই শাহাদাত হোসেন বলেন, 'আমার ছোট ভাই অটো চালিয়ে সংসার চালাত। তার দুই ছোট সন্তান রয়েছে—একজনের বয়স চার বছর, অন্যজনের দুই বছর। সকালে কাজের উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি। আমরা এখন নিঃস্ব হয়ে গেলাম।'
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, 'বাগমারা রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি অসাবধানতাজনিত দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
নিহত মহিউদ্দিনের জানাজা সকাল ১১টায় বাঁশপুর খিলপাড়া জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এআরএস

