Logo

সারাদেশ

বরগুনায় ইসলামী আন্দোলনের কর্মী-সমর্থকদের ওপর হামলা, আহত ৫

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৪

বরগুনায় ইসলামী আন্দোলনের কর্মী-সমর্থকদের ওপর হামলা, আহত ৫

ছবি : বাংলাদেশের খবর

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের ওপর বিএনপির কর্মী সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনায় ইসলামী আন্দোলনের পাঁচজন কর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। আহতদের মধ্যে তিনজনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল। ওই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বিজয়ী হওয়ায় দলটির কর্মীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

আহতরা জানান, নির্বাচনের পরবর্তী সময় থেকেই তাদের ওপর উত্তেজনা বিরাজ করছিল। রোববার সকালে হাতপাখা প্রতীকে ভোট দেওয়া এবং গৌরীচন্না এলাকায় দলীয় এজেন্ট থাকার জের ধরে স্থানীয় বিএনপির কর্মী সমর্থকরা অতর্কিত হামলা চালায়।

এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সাকুর বলেন, ‘নির্বাচনের আগের রাত থেকেই আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়ে আসছে বিএনপির লোকজন। আজ সকালে গৌরিচন্নায় হাতপাখায় ভোট দেওয়া এবং সেখানে আমাদের এজেন্ট থাকার কারণে স্থানীয় বিএনপির লোকজন আমাদের কর্মীদের ওপর হামলা করে। আমরা প্রশাসনের কাছে আশা করছি, আমাদের আহত কর্মীরা যেন আর নির্যাতনের শিকার না হন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।’

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযুক্ত পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর