ফরিদপুর প্রেসক্লাবের সামনে বসন্তের রঙে রাঙা পলাশ
অপূর্ব অসীম, ফরিদপুর
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪০
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুর শহরে বসন্তের আগমনী বার্তা স্পষ্ট হয়ে ধরা দিয়েছে ফরিদপুর প্রেসক্লাবের সামনের একটি পলাশ গাছে। পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে— এসেছে বসন্তের দারুণ মাস। প্রকৃতির সেই অনন্য রূপ এখন চোখে পড়ছে প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা আগুনরঙা ফুলে ভরা গাছটিতে।
শহরের ব্যস্ততার মাঝেও গাছটি যেন আলাদাভাবে নজর কাড়ে। চারপাশে ইট-পাথরের ভিড়ে এমন পলাশ গাছ এখন খুব একটা চোখে পড়ে না। কিন্তু প্রতি বছর এই সময়টাতে গাছটি ভরে ওঠে লাল-কমলা ফুলে। দূর থেকেই মনে হয় যেন আগুনের শিখা জ্বলে উঠেছে ডালপালায়।
শুধু ফুলের সময়ই নয়, বছরজুড়েই গাছটির আলাদা সৌন্দর্য রয়েছে। যখন ফুল থাকে না, তখন সবুজ পাতার ঘনত্ব আর ছায়া পথচারীদের স্বস্তি দেয়। রোদে হাঁটতে হাঁটতে কেউ একটু দাঁড়ালেই তার প্রশান্তি টের পান। অনেকেই সেখানে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ বা কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছেন ছায়ায়।
-6991dac54ce4a.jpg)
স্থানীয়দের মতে, এই পলাশ গাছ শুধু একটি গাছ নয়, বরং বসন্তের প্রতীক হয়ে উঠেছে। ফরিদপুর প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা এই গাছটি যেন প্রতি বছর নতুন করে মনে করিয়ে দেয়—প্রকৃতি এখনো বেঁচে আছে, রঙ ছড়াচ্ছে শহরের বুকে।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘সুশোভিত পলাশ ফুল আমাদের হৃদয়-মনকে দোলা দেয়। এর রঙ মন ভোলানোর মতো, যেকোনো মানুষকেই আকৃষ্ট করে। ক্লাব চত্বরে বেড়ে ওঠা পলাশ গাছের ফুল শহরবাসীকে প্রতিনিয়ত মুগ্ধ করছে।’
বসন্তের এই সময়ে পলাশের রঙ আর প্রেসক্লাবের পরিবেশ মিলিয়ে তৈরি হয়েছে এক অন্যরকম দৃশ্য, যা ফরিদপুরবাসীর কাছে হয়ে উঠেছে প্রিয় এক ঠিকানা।
এআরএস

