Logo

সারাদেশ

গাজীপুরে নির্মাণ শেষে ভেঙে গেল সড়ক, উদ্বোধনের আগেই বেহাল দশা

Icon

কাজী আব্দুল মান্নান, গাজীপুর

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৩

গাজীপুরে নির্মাণ শেষে ভেঙে গেল সড়ক, উদ্বোধনের আগেই বেহাল দশা

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকায় নির্মাণকাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই একটি সড়ক কয়েক ফুট নিচে দেবে গেছে। সড়কটি উদ্বোধনের আগেই এ অবস্থায় পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ধনঞ্জয়খালী এলাকায় সড়কটির ফিটকিরি ঢালাইয়ের কাজ শেষ হয় স্থানীয় সরকার নির্বাচনের কয়েক দিন আগে। ঢালাই শেষ হওয়ার তিন দিনের মাথায় রাস্তাটি ভেঙে যায় এবং কয়েক ফুট নিচে দেবে যায়। পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সড়কের কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং প্রয়োজনীয় পরিমাণ ঢালাই দেওয়া হয়নি। আমরা এলাকাবাসী এই কাজের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

সরেজমিনে দেখা যায়, মহানগরীর কাশিমপুর ৬ নং ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় কয়েক কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। ঠিক এমন সময় প্রথমে রাস্তায় ফাটল ধরে এবং পরবর্তীতে সেটি ভেঙে কয়েক ফুট নিচে দেবে যায়। এ ঘটনায় ওই এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান বলেন, ‘নদীর পাড়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে, এটি প্রাকৃতিক দুর্যোগ। পরিকল্পনায়ও কোনো ত্রুটি থাকতে পারে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর