Logo

সারাদেশ

দেড় বছর পর খুলেছে খুলনা আওয়ামী লীগের কার্যালয়, হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩১

দেড় বছর পর খুলেছে খুলনা আওয়ামী লীগের কার্যালয়, হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

ছবি: সংগৃহীত

নির্বাচনের দুই দিন পর ঢাকার গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর এবার খুলনাতেও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ১০ থেকে ১২ জনের একটি দল খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে। পরে তারা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় সভাপতি শেখ হাসিনার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কিছু সময় সেখানে অবস্থান করার পর তারা সেখান থেকে চলে যান।

এর আগে রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও সাত থেকে আটজনের একটি দল জাতীয় পতাকা উত্তোলন করে এবং বঙ্গবন্ধুর প্রতি সালাম জানায়।

উল্লেখ্য, গত বছর মে মাসে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সে কারণে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও কর্মসূচি পালনের চেষ্টা করতে দেখা গেছে। ২০২৪ সালের ৪ আগস্ট খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল।

খুলনায় সর্বশেষ পতাকা উত্তোলন ও মাল্যদানের ঘটনায় এলাকাজুড়ে তেমন কোনো উত্তেজনা দেখা যায়নি বলে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানিয়েছেন। তবে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর