Logo

সারাদেশ

চাঁদাবাজির অভিযোগ

নিজ দলের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করলেন লক্ষ্মীপুরের নবনির্বাচিত এমপি

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৬

নিজ দলের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করলেন লক্ষ্মীপুরের নবনির্বাচিত এমপি

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

তিনি অন্যায়ের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা দিয়েছেন। তার নির্দেশনায় রামগতিতে সহিংসতা, চাঁদাবাজি ও অস্ত্র মহড়ার অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রামগতি থানায় মামলা দুটি দায়ের করা হয়। এরই মধ্যে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে নিজান বলেন, ‘বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। দলীয় নির্দেশনা অমান্য করে কেউ অপরাধে জড়ালে তাকে ছাড় দেওয়া হবে না। নির্বাচনের বিজয়কে পুঁজি করে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা সাধারণ মানুষের ওপর নির্যাতনের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমি অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়েছি। ভুক্তভোগীদের পক্ষে মামলা করার নির্দেশ আমি নিজেই দিয়েছি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দল বা সহযোগী সংগঠনের কেউ অপরাধ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি উপজেলার চর পোড়াগাছা, রামদয়াল বাজার ও আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর সুজনগ্রাম এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও ইটভাটা মালিকদের কাছে চাঁদা দাবি করে।

চর পোড়াগাছা ইউনিয়নের একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর, কাজ বন্ধ করে দেওয়া এবং মালিককে হত্যার হুমকির কথাও উল্লেখ করা হয়েছে মামলায়। পাশাপাশি রামদয়াল বাজারে এক ব্যবসায়ীর দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়।

অন্য ঘটনায় একই দিনে একটি সংঘবদ্ধ দল বাজার এলাকায় অস্ত্র নিয়ে মহড়া ও শক্তি প্রদর্শন করে এবং একটি দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে।

এসব ঘটনায় রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের এক নেতা বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ২৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলার পর অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মোস্তাফিজুর রহমান টিপু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর