Logo

সারাদেশ

মোটরসাইকেল চুরির অপবাদে যুবক হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০২

মোটরসাইকেল চুরির অপবাদে যুবক হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল চুরির অপবাদে সোহেল রানা (২৮) নামে এক যুবককে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার ঘটনায় পলাতক আসামি মোনারুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার উত্তরার সেক্টর-৮ এলাকায় র‌্যাব-১৩ ও র‌্যাব-১ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মোনারুল ইসলাম মিঠাপুকুর উপজেলার পূর্ব বড়বালা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৫ সালের ২৭ অক্টোবর মিঠাপুকুরের হাফিজুর রহমানের বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। চুরির ঘটনায় ট্রাক্টরচালক সোহেল রানাকে সন্দেহ করেন আসামিরা। মোটরসাইকেল উদ্ধারের কথা বলে সোহেলকে বাড়ি থেকে ডেকে এনে বিভিন্ন স্থানে ঘোরানোর পর হাফিজুর রহমানের বাড়িতে আটকে রাখা হয়।

সেখানে চুরির বিষয়ে স্বীকারোক্তি আদায়ে সোহেলকে বর্বরোচিত মারধর ও বৈদ্যুতিক শক দেওয়া হয়। একপর্যায়ে সোহেলের বাবা-মায়ের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তাদেরও আটকে রেখে জোরপূর্বক তিনটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এরপর ২৯ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক হওয়ায় র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় যৌথ অভিযান চালিয়ে ঢাকা থেকে মোনারুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও র‌্যাব জানিয়েছে।

রাখিবুল হাসান রাখিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর