গাজীপুরে হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৭
গাজীপুরে হত্যা মামলায় গ্রেপ্তার বিল্লাল মোল্লা। ছবি : সংগৃহীত
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও গাজীপুর মহানগর যুবলীগের নেতা বিল্লাল মোল্লাকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান।
তিনি জানান, গ্রেপ্তার যুবলীগ নেতা বিল্লাল মোল্লাকে রাতে বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর ইমিগ্রেশন পুলিশ গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে। পরে টঙ্গী পশ্চিম থানার একটি হত্যা মামলায় (মামলা নং-০৩) তাকে আদালতে পাঠানো হয়।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা, হত্যা ও নাশকতার বিভিন্ন অভিযোগে সাবেক কাউন্সিলর বিল্লাল মোল্লার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কাজী মোঃ আব্দুল মান্নান/এআরএস

