বান্দরবানের জনপ্রিয় ফুটবল রেফারি রূপন দত্ত আর নেই
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৮
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবান জেলা ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ও বাফুফে তালিকাভুক্ত ফুটবল রেফারি রূপন দত্ত মারা গেছেন। শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রূপন দত্ত দীর্ঘদিন ধরে বান্দরবানে ফুটবল রেফারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাঠে তার নিরপেক্ষ সিদ্ধান্ত, দৃঢ় উপস্থিতি ও খেলোয়াড়দের প্রতি সহমর্মী আচরণ তাকে সবার কাছে শ্রদ্ধাভাজন করে তুলেছিল। স্থানীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্ট থেকে শুরু করে জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনায় তিনি ছিলেন আস্থার প্রতীক।
বান্দরবান শহরের বনরূপা এলাকার বাসিন্দা রূপন দত্ত মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বান্দরবান কেন্দ্রীয় মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ সময় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
রূপন দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
তারা বলেছেন, রূপন দত্তের মতো নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক ও রেফারির শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তার মৃত্যুতে জেলার ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। জেলার ক্রীড়াপ্রেমী ও শুভানুধ্যায়ীদের মাঝেও বইছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার স্মৃতিচারণ করে শোকবার্তা প্রকাশ করেছেন। বান্দরবানের ক্রীড়াঙ্গনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এআরএস

