Logo

সারাদেশ

ঝিনাইদহে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৭

ঝিনাইদহে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মহেশপুর পৌরসভার গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের আসবাবপত্র ও বিভিন্ন নথিপত্র পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওই ওয়ার্ড কার্যালয়ে হামলা চালায়। তারা প্রথমে ভাঙচুর চালায় এবং পরে কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতা আমজেদ সরদার বলেন, ‘রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি, অফিসের ভেতরের চেয়ার-টেবিল, ব্যানার-ফেস্টুনসহ বিভিন্ন কাগজপত্র পুড়ে গেছে।’

এলাকার বাসিন্দা কামাল নামের এক ব্যক্তি বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে এলাকায় তেমন কোনো দলীয় উত্তেজনা বা সহিংসতার ঘটনা ঘটেনি। হঠাৎ করে এ ধরনের হামলায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি না দিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবার ঘটতে পারে।’

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সমর্থন দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।' তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ অগ্নিকাণ্ড হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর