সীতাকুণ্ডে ৮ কোটি ৯২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের সীতাকুণ্ডে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা বলে জানানো হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা জানতে পারেন, সীতাকুণ্ড থানা এলাকার ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি কাপড় ও বিদেশি সিগারেট পাচারের চেষ্টা হবে। এর ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা ও ১ হাজার ২৯৮ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে এসব পণ্যের বাজারমূল্য ৮ কোটি ৯২ লাখ টাকা বলে মূল্যায়ন করেছে কোস্ট গার্ড।
পণ্যগুলো জব্দ করা হলেও কাভার্ডভ্যানের চালক ও তার সহকারীকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরে উদ্ধার হওয়া পণ্যগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম কাস্টমস-এর কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোহাম্মদ জামশেদ আলম/এআরএস

