শিবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য আহত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৫
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শিবগঞ্জে ইটবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৪৮) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তিনি পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মোকামতলা মুরাদপুর এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত মাসুদ রানা রংপুর জেলার হারাগাছ থানার বাসিন্দা। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দিনাজপুরে একটি মামলায় সাক্ষ্য দেওয়ার পর এসআই মাসুদ রানা মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল কালিয়াকৈর থানায় ফিরছিলেন।
পথে মোকামতলা মুরাদপুর এলাকায় মীর অ্যান্ড রুবেল পেট্রোল পাম্পে তেল দেওয়ার জন্য মহাসড়ক থেকে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।
কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গণেন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়। স্থানীয়দের সহায়তায় আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নুসরাত জাহান/এআরএস

