ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—ওই এলাকার আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার ও আশরাফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে হঠাৎ করেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং পরে উভয় পক্ষ পরস্পরকে লক্ষ্য করে গুলি চালায়। কয়েক রাউন্ড গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়দের অভিযোগ, এর আগে আনিচুর রহমানের বাড়ির টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই ঘটনার জের ধরেই এ গোলাগুলির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সঙ্গে দফাদারপাড়া এলাকার মোয়াজ্জেম দফাদারের ছেলে রিন্টু (২৬), সোহরাবের ছেলে দোয়েল (২৫), তোয়াবুদ্দিনের ছেলে সিহাব (৫০) ও জালালসহ অজ্ঞাতনামা আরও আট থেকে ১০ জন জড়িত থাকতে পারেন বলে অভিযোগ রয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আকরামুজ্জামান আরিফ/এআরএস

