Logo

সারাদেশ

বিএনপির দু’পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আটক ১০

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৯

বিএনপির দু’পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আটক ১০

ছবি : বাংলাদেশের খবর

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি দুটি লাটা গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের নতুনপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গয়েশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি পাঞ্জাব আলী ও একই ওয়ার্ড বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ওহাব মন্ডলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

রোববার সন্ধ্যায় পাঞ্জাব আলীর সমর্থক রকি স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে ওহাব মন্ডলের সমর্থকদের হামলার শিকার হন। তাকে মারধরের ঘটনার জেরে রাত সাড়ে নয়টার দিকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পাশাপাশি দুটি লাটা গাড়িও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ১০ জনকে আটক করে। আটক ব্যক্তিদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষের স্থানীয় রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতোয়ার রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

তাছিন জামান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর