Logo

সারাদেশ

ভালুকার স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, ক্ষতি ৭ কোটি টাকা

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৮

ভালুকার স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, ক্ষতি ৭ কোটি টাকা

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবস্থিত বাশার স্পিনিং মিল লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নিশিন্দা এলাকায় কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে আনুমানিক ৭ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে কারখানার উৎপাদিত পণ্য, কাঁচামাল ও বেশ কিছু মেশিনারিজ পুড়ে গেছে।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গফরগাঁও, ত্রিশাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও ময়মনসিংহ থেকে আরও পাঁচটি ইউনিট এসে উদ্ধার কাজে অংশ নেয়। দীর্ঘ চেষ্টার পর রাত ১টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১১টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী এবং তিনি আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে নেতৃত্ব দেন।

কারখানার জেনারেল ম্যানেজার স্বপন আহমেদ বলেন, 'অগ্নিকাণ্ডে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানার তৈরি পোশাক, কাঁচামাল ও মেশিনারিজের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মালামাল সরিয়ে পুনরায় উৎপাদন কার্যক্রম চালু করতে বেশ সময় লাগবে।'

তিনি আরও জানান, কারখানাটিতে প্রায় ৬৩০ জন শ্রমিক কাজ করেন। প্রাথমিকভাবে আনুমানিক ৭ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর