সোনাগাজীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাকের খন্ডাংশ উদ্ধার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৩
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর সোনাগাজীতে এক যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রাম থেকে ট্রাকটির যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
অভিযুক্ত ইমাম হোসেন প্রবীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব। তার নামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজই এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
পুলিশ জানায়, গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে ট্রাকটি চুরি হয়। ট্রাকের মালিক মো. হারুন। তার বাবার নাম মো. আবুল হোসেন। তাদের বাড়ি উত্তর পতেঙ্গা স্ট্র্যান্ড রিফাইনারি হাদি পাড়ায়। এই ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারি স্থানীয় ইপিজেড থানায় মামলা করেন হারুন।
গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানা ও সোনাগাজী মডেল থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মো. ইউনুস প্রকাশ ডালিমকে (৪০) গ্রেপ্তার করে। তিনি মৃত মাঈন উদ্দিন ফারুকের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ডালিমের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের নিজ বাড়ি থেকে ট্রাকটির খণ্ডাংশ উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উদ্ধারকৃত ট্রাকের যন্ত্রাংশ এবং চুরির কাজে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার ডালিমকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।’
এম. এমরান পাটোয়ারী/এআরএস

