ফাইল ছবি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে ইসিতে পত্র দেন।
সোমবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ-সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেন। এতে বলা হয়, বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনের নির্বাচিত প্রার্থী তারেক রহমান সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফার বিধান অনুযায়ী ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে সোমবার নির্বাচন কমিশনের কাছে ঘোষণাপত্র দাখিল করেছেন। এ কারণে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন তারেক রহমান। তাঁর দল বিএনপি ও মিত্ররা ২১২টি আসনে জয়ী হয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সেখানে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।

