Logo

সারাদেশ

ছাত্রদলকর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১২:৩৪

অ
ছাত্রদলকর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীতে ছাত্রদলকর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে (৪০) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে মাধবদী থানাধীন পাঁচদোনার আসমান্দীরচর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনী নরসিংদী ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ।

গ্রেপ্তার শাহ আলম মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের ধুন্দলপাড়া গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লে. কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ জানান, ‘ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম মঙ্গলবার রাত ৮টার দিকে আসমান্দীর চর গ্রামের একটি বাড়ির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এসময় এলাকাবাসীকে ভয় দেখানোর জন্য কয়েক রাউন্ড গুলি ছুড়ে। আতঙ্কিত এলাকাবাসী সেনাবাহিনীকে ফোন করলে সেনাবাহিনীর দুইটি বিশেষ টহলদল বাড়িটি ঘেরাও করে। পরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহ আলম সেনাবাহিনীকে উদ্দেশ্য করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে। প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর শাহ আলম অস্ত্রসহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এ সময় শাহ আলমের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং ৯ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়। পরে রাতেই তাকে পুলিশের কাছে হস্থান্তর করে সেনাবাহিনী।’

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর দিবাগত রাতে পাঁচদোনায় ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মী হুমায়ুনকে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার শাহ আলম।


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন