হোমনায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে জবাই করে হত্যা
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯
ছবি : সংগৃহীত
কুমিল্লার হোমনায় এক প্রবাসীর স্ত্রী ও তার দুই ভাগ্নেসহ তিনজনকে জবাই করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুখী আক্তার (২৫), তার চার বছরের ছেলে হোসাইন এবং জহিরুল ইসলামের ভাই সাত্তারের ছয় বছরের ছেলে জোবায়েদ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের জবাই করে হত্যা করে। বুধবার সকালে স্বজনরা বাড়িতে গিয়ে তিনজনের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
হোমনা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দীনেশ চন্দ্র দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে জবাই করে তাদের হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এআরএস

