ছবি : বাংলাদেশের খবর
পবিত্র রমজান মাস উপলক্ষে বান্দরবানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রমজানের শুরুতে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন জেলার খুশি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক শামীম আরা রিনি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পুরো রমজান মাসজুড়ে এই উদ্যোগ চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জানা যায়, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও লামা-আলীকদম উপজেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে।
বাজারের তুলনায় কম দামে এসব পণ্য পেয়ে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মধ্যে দেখা গেছে স্বস্তির ছোঁয়া। টিসিবির ট্রাকের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন পড়েছে।
ক্রেতারা জানান, রমজানের বাজারে পণ্যের দাম কিছুটা বাড়তি থাকলেও টিসিবির পণ্য কম মূল্যে পাওয়ায় সংসারের খরচ কমেছে।
বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ‘রমজান উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো মাসজুড়ে বান্দরবান সদর, লামা ও আলীকদম উপজেলায় পণ্য সরবরাহ চলবে। এতে সাধারণ মানুষের খরচ কিছুটা কমবে এবং বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরাও সচেতন হবেন।’
সোহেল কান্তি নাথ/এআরএস

