Logo

সারাদেশ

চাঁদপুর-৪ আসন

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন আলহাজ্ব এম এ হান্নান

Icon

আতাউর রহমান সোহাগ

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৩

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন আলহাজ্ব এম এ হান্নান

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এম এ হান্নান সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১.৩৫মি. বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে তাকেও শপথবাক্য পাঠ করান। শপথ শেষে তিনি শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে প্রথম ধাপে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতে ইসলামী ও দুপুর ১টার দিকে এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিংড়ি প্রতীক নিয়ে এম এ হান্নান পেয়েছেন ৭৪ হাজার ১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ১৫৫ ভোট। আর ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী পেয়েছেন ৬৬ হাজার ৬৯২ ভোট। প্রায় ৫ হাজার ভোটের ব্যবধানে এম এ হান্নান বিজয়ী হন।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উপজেলা বিএনপির সভাপতিসহ সব দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করে বিএনপি।

নির্বাচনে জয়লাভের পর গত শনিবার ফরিদগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এম এ হান্নান ঘোষণা দেন, ‘তার প্রিয় রাজনৈতিক দল বিএনপি আনুষ্ঠানিকভাবে তাকে গ্রহণ না করা পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন না। ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করে আসছেন এবং দলীয় আদর্শের প্রতি তার অঙ্গীকার অটুট আছে ও থাকবে।’

তবে গত রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি সেই ঘোষণা থেকে সরে এসে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের অগাধ ভালোবাসা, বিশ্বাস ও দোয়া নিয়ে আজ সকাল ১০টায় আমি আপনাদের দেওয়া পবিত্র আমানত বুকে ধারণ করে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছি, ইনশাল্লাহ।’

এর আগেও এম এ হান্নান বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে চাঁদপুর-৪ আসনে প্রার্থী হয়েছিলেন। তবে ঋণখেলাপি সংক্রান্ত আইনি জটিলতায় দুইবারই তার মনোনয়ন বাতিল হয়। তিনি বারবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারুনুর রশিদকে মিথ্যা অভিযোগে তার মনোনয়ন বাতিলের জন্য দায়ী করে আসছেন।

গত তিন দশক ধরে রাজনীতির সঙ্গে জড়িত এম এ হান্নান ফরিদগঞ্জের জনসাধারণের কাছে ব্যাপক জনপ্রিয়। ধানের শীষের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করে তার প্রমাণ রেখেছেন তিনি।

উল্লেখ্য, এবারের সংসদ নির্বাচনে মোট সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। তাদের সবাই বিএনপির নেতা বলে জানা গেছে। ২৯৯টি আসনের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট ২১২টি, জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট ৭৭টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয় পায়। 

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন সিইসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর