মন্ত্রী হিসেবে শপথের ডাক পেলেন সুলতান সালাউদ্দিন টুকু
রেজাউল করিম, টাঙ্গাইল
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৮
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় শপথ নিতে ডাক পেয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে তাকে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ একটি সূত্র। বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের এই আসন থেকে বিপুল ভোটে জয়ী হন সালাউদ্দিন টুকু। ধানের শীষ প্রতীকে তিনি পান ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পান ৮০ হাজার ২৮৩ ভোট।
এবারই প্রথম সংসদ সদস্য হলেন টুকু। ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখায় প্রায় ৩৫০টি মামলার মুখোমুখি হন টুকু। এ সময় তিনি ১২ দফায় কারাভোগ করেন। সর্বমোট প্রায় পাঁচ বছর কারাগারে কাটান এবং টানা ৪৬ দিন রিমান্ডেও ছিলেন তিনি।
এআরএস

