পাবনার আটঘরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালক নিহত
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৭
পাবনার আটঘরিয়া উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মিনি ট্রাক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আটঘরিয়া উপজেলা গেট ও দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে সার্টার লোড নিয়ে পাবনা বিসিক শিল্পনগরীর উদ্দেশ্যে আসছিল একটি মিনি ট্রাক। পথিমধ্যে হঠাৎ সামনের চাকার টায়ার বিস্ফোরিত (বাস্ট) হলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় গাড়িটি। এতে চালক আব্দুল কাইয়ুম (২২) ঘটনাস্থলেই নিহত হন। তিনি চাটমোহর উপজেলার জগতলা রেলবাজার এলাকার বাসিন্দা মানিক মিয়ার পুত্র।
দুর্ঘটনার পর গাড়ির কেবিনে চালক আটকে পড়লে বাংলাদেশ সেনাবাহিনী ও আটঘরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। ড্রিল মেশিনের সাহায্যে কেবিন কেটে মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস পাবনা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিক আল কামাল/এসএসকে/

