Logo

সারাদেশ

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

Icon

জেলা প্রতিনিধি, বরগুনা

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৬

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফ্রেব্রুয়ারি) সকালে বরগুনা শহরের শেরেবাংলা সড়কে অবস্থিত আওয়ামী লীগের অফিসে পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের নেতা ফাহাদ হাসান তানিম কয়েকজনকে নিয়ে আওয়ামী লীগের অফিসে পতাকা উত্তোলন করার একটি ভিডিও তার নিজ ফেসবুক প্রোফাইলে পোস্ট করে। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিও টাঙাতে দেখা যায়। এর পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

স্থানীয় ব্যাবসায়ীরা জানায়, আমরা দোকান খুলেছি ৮ টার দিকে। আমরা এসেই পতাকাটি দেখতে পাই। যারা পতাকা উত্তোলন করেছে তারা খুব সকালে হয়তো এ কাজ করেছে। 

এ ব্যাপারে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, রাষ্ট্র ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অফিসে ছবি ও পতাকা উত্তোলন করছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি যাতে তারা দ্রুত ব্যবস্থা নেয়। এছাড়াও নিষিদ্ধ থাকা একটি দলের হঠাৎ করেই এমন কার্যক্রমকে আমরা তীব্র নিন্দা জানাই।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম বলেন, অতি গোপনে আওয়ামী লীগের কার্যালয়ে ছবি টাঙানো ও পতাকা উত্তোলন করেছে ছাত্রলীগের কিছু সদস্যরা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা এ কাজ করেছে তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বরগুনা আওয়ামী লীগের কার্যালয়ে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটে বলে জানা যায়। এর আগে জাতীয় নির্বাচনের পরপরই বেতাগীতে আওয়ামী লীগের অফিস খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙায় ছাত্রলীগ।

খান নাঈম/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর