Logo

সারাদেশ

মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ১৫০ চুলার সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩১

মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ১৫০ চুলার সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্ত ও উচ্ছেদের অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা এলাকায় জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র যৌথ অভিযানে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী মির্জাপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬৩০ ফুট (৩/৪ ইঞ্চি) অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। একই সঙ্গে ৪০টি বাড়ির প্রায় ১৫০টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া ১ ইঞ্চি অবৈধ বিতরণ লাইনের উৎসমুখ স্থায়ীভাবে বিচ্ছিন্ন, ৩/৪ ইঞ্চি ব্যাসের ৭টি অবৈধ সরবরাহ লাইনের উৎসমুখ বন্ধ এবং ৭টি রাইজার বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ৪টি সম্পূর্ণ অবৈধ রেগুলেটর জব্দ করা হয়েছে।

অনুমোদনের অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের দায়ে দুই গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩ হাজার ১৫০ ঘনফুট গ্যাস প্রতি ঘণ্টা লোড বিচ্ছিন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এদিকে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে আটজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ও তিতাসের টাঙ্গাইল জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. জুয়েল রানা জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ব্যবহারকারীদের শনাক্ত করে জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানকালে তিতাস টাঙ্গাইলের সহকারী প্রকৌশলী মো. রঞ্জন আলী, সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, সহকারী প্রকৌশলী মাহাবুবা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পেশকার মো. মিজানুর রহমানসহ পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

রাব্বি ইসলাম/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তিতাস গ্যাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর