চাঁদা তুলতে গেলে বাইন্দা পুলিশে দিয়ে দিবেন : হাসনাত আবদুল্লাহ এমপি
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪২
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ চাঁদাবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেবিদ্বার নিউমার্কেট এলাকার দোকান মালিকদের অভিযোগের ভিত্তিতে বাজার ইজারা সংশ্লিষ্ট এক ব্যক্তিকে তিনি জানান, নির্ধারিত কাঁচাবাজার এলাকার বাইরে চাঁদা তুলতে গেলে জনগণ প্রতিরোধ গড়ে তুললে তিনি দায় নেবেন না।
মোবাইল ফোনালাপে এমপি হাসনাত বলেন, ‘আপনি কাঁচাবাজারের ইজারা নিয়েছেন। নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলবেন। এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পেটাবে, তখন আমার কিছু করার থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি চাঁদা তোলে তার নাম শাহ আলম। নির্ধারিত এলাকার বাইরে চাঁদা তুলতে গেলে, তাকে বাইন্দা (আটকে) রাখবেন এবং পুলিশে সোপর্দ করবেন। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না।’
পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথা জানান তিনি।
উল্লেখ্য, শপথ নেওয়ার পরপরই নিজ নির্বাচনি এলাকায় ছুটে আসেন এমপি হাসনাত আবদুল্লাহ। বিভিন্ন গ্রাম পরিদর্শন করে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। বিশেষ করে শহীদ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আগামী মার্চের মধ্যে তা বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।
এআরএস

