সখীপুরে নানীকে হত্যার অভিযোগে নাতি গ্রেপ্তার
সখীপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৪
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের পানাউন্নাহ পাড়া গ্রামে নাতির হাতে নানী হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে বেদেনা কোচ (৬৫) নিহত হন। এ ঘটনায় তার নাতি নয়ন কোচ (১৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, বেদেনা কোচের স্বামী পরেশ কোচ নাতিকে বাড়িতে রেখে কাজের সন্ধানে পাশের বাজারে যান। পরে বাড়িতে ফিরে নাতিকে দেখতে না পেয়ে ঘরে প্রবেশ করলে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার ডাকাডাকিতে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘটনাটি নিশ্চিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে অভিযুক্ত নয়ন কোচকে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন হত্যার কথা স্বীকার করেছে। টাকার লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে সে জানিয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত নাতিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কামাল/এসএসকে/

