রামুতে দেড় লাখ ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার, জব্দ পিকআপ
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৪
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল এলাকা থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ হারুন (২৯) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপও জব্দ করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।
গ্রেপ্তার হারুন খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব দারিয়ারদিঘী মন্ডলপাড়া এলাকার হোসেন আহমদের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নম্বরবিহীন একটি পিকআপে করে মরিচ্যা হয়ে রামু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছে। পরে রামুর শিকলঘাটা ব্রিজের দক্ষিণ পাশে মরিচ্যা-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়।
সকাল ৯টা ১৫ মিনিটের দিকে রামু বাইপাসমুখী একটি পিকআপকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে গাড়িটি ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থামলে ৩/৪ জন দৌড়ে পালিয়ে যায়। তবে হারুনকে একটি সাদা বস্তাসহ আটক করা হয়।
পরে বস্তা তল্লাশি করে ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
কামাল শিশির/এসএসকে/

