শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৪
ছবি : বাংলাদেশের খবর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভূনবীর ইউনিয়নের ভীমসি বাবুরবাজার মাঠে কাশফিয়া স্পোর্টিং ক্লাব, পাঁচাউন ও মেডিসিন গ্যালারি স্পোর্টিং ক্লাব, ভূনবীরের মধ্যে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা।
আয়োজক কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. শের আলী হেলাল চৌধুরী।
এছাড়া আরও বক্তব্য দেন এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী, মৌলভীবাজার জাতীয়তাবাদী ফোরাম ইউকের সভাপতি সাইফুল আক্তার লিখন, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মো. শাহজাহান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান রাহেল, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মো. ইমাদ উদ্দিন ও দৈনিক নয়াদিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রাকিব।
খেলা শুরুর আগে থেকেই মাঠে হাজারো দর্শকের ঢল নামে। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল উপহার দেন।
নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে কাশফিয়া স্পোর্টিং ক্লাব, পাঁচাউন ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলটি চমৎকার পাসিং ও নান্দনিক গোলের মাধ্যমে দর্শকদের একটি উপভোগ্য ম্যাচ উপহার দেয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানারআপ দলকে টেলিভিশন এবং ট্রফি প্রদান করা হয়। এ সময় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
এআরএস

