Logo

সারাদেশ

মানিকগঞ্জের আফরোজা খানম মন্ত্রী হওয়ায় ভ্যানে করে বাড়ি বাড়ি মিষ্টি বিতরণ

Icon

আফ্রিদি আহাম্মেদ, মানিকগঞ্জ

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫১

মানিকগঞ্জের আফরোজা খানম মন্ত্রী হওয়ায় ভ্যানে করে বাড়ি বাড়ি মিষ্টি বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম (রিতা)। এর মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে উঠেছে তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে শুরু হয় ব্যতিক্রমী এই আনন্দ আয়োজন। মন্ত্রী হওয়ার খবরে এলাকার মানুষের পাশাপাশি স্থানীয় দুই নেতা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ৪০ কেজি মিষ্টি বিতরণ করেন।

ভ্যানভর্তি মিষ্টি নিয়ে গ্রামের প্রতিটি বাড়িতে যান জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া ও সহ-দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন (শাহীন)। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের শুভেচ্ছা জানান।

স্থানীয়রা জানান, এটি কোনো রাজনৈতিক সমাবেশ ছিল না; পুরো ঘটনাটি ছিল এক আনন্দ মিছিল। শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষ সবাই হাসিমুখে মিষ্টি গ্রহণ করেন। অনেকেই বলেন, ‘আমাদের এলাকার এমপি এখন মন্ত্রী—এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়।’

শাহিনুর হোসেন বলেন, ‘মানিকগঞ্জবাসীর জন্য এটি একটি গর্বের দিন। প্রিয় নেত্রী আফরোজা খানম (রিতা) আপা প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হয়েছেন—এটি জনগণের আস্থার প্রতিফলন। তার নেতৃত্বে মানিকগঞ্জে উন্নয়নের গতি আরও বাড়বে।’

মো. সুজন মিয়া বলেন, ‘রিতা আপা মন্ত্রী হওয়ায় আমরা আনন্দিত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রাণঢালা শুভেচ্ছা জানাই। এই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই বাড়ি বাড়ি মিষ্টি পৌঁছে দিচ্ছি।’

স্থানীয়দের প্রত্যাশা, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মানিকগঞ্জে উন্নয়ন প্রকল্প ও কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে। তিল্লি ইউনিয়নসহ আশপাশের এলাকায় দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর