পাবনায় মিনিট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে চালক নিহত
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৯
ছবি : বাংলাদেশের খবর
পাবনার আটঘরিয়া উপজেলায় মিনিট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা গেট ও দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আব্দুল কাইয়ুম (২২)। তিনি চাটমোহর উপজেলার জগতলা রেলবাজার এলাকার মানিক মিয়ার ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে সার্টার লোড নিয়ে পাবনার বিসিক শিল্পনগরীর দিকে যাচ্ছিল মিনিট্রাকটি। পথে হঠাৎ সামনের চাকার টায়ার বিস্ফোরিত হলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় গাড়িটি। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক গাড়ির কেবিনে আটকে পড়েন। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও আটঘরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। ড্রিল মেশিন দিয়ে কেবিন কেটে মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস পাবনা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিক আল কামাল/এআরএস

