Logo

সারাদেশ

যশোরে নামাজ শেষে ফেরার পথে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা, আহত ১

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫

যশোরে নামাজ শেষে ফেরার পথে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা, আহত ১

যশোরের শার্শা উপজেলায় পৃথক দুটি হামলায় এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন এবং অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বারিপোতা ও কাশিয়াডাঙ্গা গ্রামে এসব হামলার ঘটনা ঘটে।

নিহত আল আমিন নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন গ্রাম্য চিকিৎসক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ১০টার দিকে বারিপোতা গ্রামে এশার নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন আল আমিন। পথে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে।

এর আগে একই দিন রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উলশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে আরেকটি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সেখানে সিরাজুল ইসলাম (৬২) নামে এক ব্যক্তি নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের জব্বার (৪৫) জিরোনগাছা-কাশিয়াডাঙ্গা সড়কের পাশে তাকে ধারালো চাকু দিয়ে মুখ ও গলায় আঘাত করেন।

গুরুতর আহত সিরাজুল ইসলামকে প্রথমে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

এ দুই ঘটনায় শার্শা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন হামলা ও ভাংচুর ছুরিকাঘাত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর