গাইবান্ধায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি, নিহত ২
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৫
গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর জাওলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লেবু মন্ডল ও ময়নুল ইসলাম। তাদের বাড়ি পাশ্ববর্তী পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর ঢাকা থেকে আসা নাসিমা ও তার স্বামী নিজ বাড়ি সাদুল্লাপুরে ফিরছিলেন। পথে খোর্দ্দ কোমরপুর মাদারহাট ব্রিজ এলাকায় পৌঁছালে দুই যুবক তাদের পথরোধ করে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া দেয়।
ধাওয়া খেয়ে অভিযুক্ত দুই যুবক জাওলার বাজার এলাকায় আশ্রয় নিলে স্থানীয় জনতা তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইয়ের অভিযোগে তাদের গণপিটুনি দিলে তারা নিহত হন। নিহত লেবু মন্ডলের নামে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। তার বাড়ি পার্শ্ববর্তী পলাশবাড়ি উপজেলায়।
আতিকুর রহমান/এমবি

