অপরাধীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা নিন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১১
ছবি: সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রশাসনের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়ে বলেছেন, দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, গত ১৭ বছরে দেশে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি যেন আর না হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে ‘হার্ডলাইনে’ যেতে হবে। আইনশৃঙ্খলার বিষয়ে প্রধানমন্ত্রীও কঠোর অবস্থানে আছেন। তিনি বলেন, কে বিএনপি, কে আওয়ামী লীগ বা কে জামায়াত করেন—তা দেখার প্রয়োজন নেই। কেউ দোষী হলে তাকে আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, দুর্নীতি নির্মূল ও আইনশৃঙ্খলার উন্নতি নিশ্চিত করতে প্রশাসনকে নিরপেক্ষ অবস্থান থেকে কাজ করতে হবে। সরকারের পক্ষ থেকে এবং সংসদ সদস্যদের পক্ষ থেকেও সহযোগিতা পাওয়া যাবে। তবে ব্যবস্থা নিতে হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে। গত ১৭ বছরে যা হয়েছে, তার পুনরাবৃত্তি দেখতে চায় না সরকার।
সরকারের ইশতেহার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে দেওয়া ইশতেহার গুরুত্বসহকারে বাস্তবায়ন করা হবে। রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সব ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
মো. কামরুল হাসান মোল্যা–র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এএস/

