Logo

সারাদেশ

শুল্কফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা, ১৯ জন আটক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০৪

শুল্কফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা, ১৯ জন আটক

ছবি: সংগৃহীত

শুল্কফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় দুইটি টলারসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় জব্দ করা দুইটি টলার থেকে ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়েছে।

নৌবাহিনী সূত্র জানায়, শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে সিমেন্ট পাচারের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেন্ট মার্টিন দ্বীপ ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়। গত বৃহস্পতিবার রাতে টহলে থাকা নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ সেন্ট মার্টিন বাতিঘর থেকে প্রায় ৩৮ নটিক্যাল মাইল দূরে একটি সন্দেহজনক বোট শনাক্ত করে।

তল্লাশির জন্য থামার সংকেত দেওয়ার পর বোটটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি সীমান্ত’ নামের বোটটি আটক করা হয়। তল্লাশিতে ওই বোট থেকে উদ্ধার করা হয় ৪৫০ বস্তা সিমেন্ট, ২৫০ কেজি ডাল–চানা, ১৬০ কেজি আদা এবং ৩৬০ বোতল এনার্জি ড্রিংক।

একই এলাকায় পৃথক অভিযানে সন্দেহজনকভাবে চলাচলরত ‘এফবি সুরভি’ নামের আরও একটি ফিশিং বোট জব্দ করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় অতিরিক্ত ৭০০ বস্তা সিমেন্ট। দুটি বোট থেকে চোরাকারবারী চক্রের ১৯ সদস্যকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, অধিক মুনাফার আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। জব্দ মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেস সেন্ট মার্টিনে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের টহল ও অভিযান অব্যাহত থাকবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর