Logo

সারাদেশ

বগুড়ায় এনসিপি নেতা কারাগারে

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০১

বগুড়ায় এনসিপি নেতা কারাগারে

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। 

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর আগে রুবেল প্রাং নামের একজন গত ৩০ আগস্ট একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ৩০ আগস্ট ঘটনার দিন রাতে কলেজের সামনে চা পানকালে মিজানুরসহ আরও ৪ থেকে ৫ জন মোটরসাইকেলে এসে রুবেল প্রাংকে জোরপূর্বক অডিটোরিয়ামের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে। রুবেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। একপর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা আদায় করা হয় এবং কাছে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জুয়েল হাসান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর