Logo

সারাদেশ

জামালপুরে আ. লীগ কার্যালয়কে গণশৌচাগার ঘোষণা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩০

জামালপুরে আ. লীগ কার্যালয়কে গণশৌচাগার ঘোষণা

ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জয়বাংলা স্লোগান দিয়ে কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের প্রতিবাদে কার্যালয়ে সাইনবোর্ড এবং পতাকা নামিয়ে কার্যালয়টিকে গণশৌচাগার ঘোষণা করেছেন ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ নামে  জুলাই আন্দোলনকারী সংগঠন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮ মাস বন্ধ থাকার পর আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদিরের নেতৃত্বে পরিত্যক্ত কার্যালয়টিতে সাইনবোর্ড ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কাজটি করেই তাঁরা সটকে পড়েন। এর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনার প্রতিবাদে বিকেল পাঁচটার দিকে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ নামে জুলাই আন্দোলনকারী সংগঠনের নেতা–কর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে সাইনবোর্ড ও জাতীয় পতাকা নামিয়ে ফেলেন। এরপর সাইনবোর্ডে আগুন দেওয়া হয়। পরে তাঁরা কার্যালয়টিকে গণশৌচাগার ঘোষণা করে ব্যানার লাগিয়ে দেন।

এ বিষয়ে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত শহিদুল ইসলাম বলেন, আজকের পর বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী দলীয় কার্যালয় খোলার দুঃসাহস দেখালে তাঁদের সমুচিত জবাব দেওয়া হবে। আর ওই কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইউনিয়ন বিএনপির নেতা–কর্মীরা। বিকেল সাড়ে পাঁচটার দিকে বগারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারমারা বাজারে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম। এ সময় বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানাসহ দলীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলটি সারমারা বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক পথসভায় কয়েকজন বক্তব্য দেন। তাঁরা বলেন, দেশবিরোধী আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। তারা আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু শহীদ জিয়ার সৈনিক থাকতে কোনো অপশক্তিকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর