Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৯

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় রহিমা (৬৫) নামে এক নারী ও শ্রী মনোরঞ্জন বর্মন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় রহিমা নিহত হন। এর আগে শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আহত মনোরঞ্জন বর্মন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁওগামী একটি গমবোঝাই ট্রাক সিংগিয়া গ্রামের মেহেদীর ধানের চাতালের সামনের মহাসড়কে পথচারী রহিমাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রহিমা সিংগিয়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী।

খবর পেয়ে থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে, ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনোরঞ্জন বর্মন মারা যান। তিনি ভুল্লি থানার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মাটিগাড়া সোনাহার গ্রামের মৃত হরিমোহন বর্মনের ছেলে।

জানা যায়, শনিবার বিকেলে সাসলা-পিয়ালা বাজারে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, পৃথক স্থানে দুইজনের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আবু সালেহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর