নড়াইলে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
কৃপা বিশ্বাস, নড়াইল
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৩
ছবি : বাংলাদেশের খবর
নড়াইলের কালিয়া উপজেলায় এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে মো. ওমর ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত ওমর ফারুক কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামের মৃত শাহাজান শেখের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের চুক্তিভিত্তিক তত্ত্বাবধায়ক হিসেবে কালিয়ায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তার নামে ফেসবুকে একটি ভুয়া আইডি খোলা হয়। ওই আইডি থেকে স্বজন ও পরিচিত ব্যক্তিদের ইনবক্সে যোগাযোগ করে বিভিন্ন অজুহাতে অর্থ সহায়তা চাওয়া হতো। বিশ্বাসযোগ্যতা বাড়াতে ব্যবহার করা হতো পরিবারের সঙ্গে তোলা পুরোনো ব্যক্তিগত ছবি।
কখনো চাকরি দেওয়ার প্রলোভন, কখনো বিপদের কথা বলে দীর্ঘদিন ধরে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি ভুক্তভোগী নারীর ভাইয়ের কাছে ১০ হাজার টাকা সহায়তা চাওয়া হয়। টাকা নিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্থানীয় এক এজেন্টের দোকানের নম্বর ব্যবহার করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৬ মিনিটে প্রথমবার ওই এজেন্টের দোকানে যান অভিযুক্ত। দোকানি ব্যস্ত থাকায় পরে সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে গিয়ে টাকা উত্তোলন করেন। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী নারীর পরিবার কালিয়া থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রতারণার আলামত পাওয়া গেছে। ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে মামলা করেছেন। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এআরএস

