Logo

সারাদেশ

রুমিন ফারহানাকে শহীদ মিনারে বাধা, বিএনপি নেতাসহ ১৫০ জনের নামে মামলা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১১

রুমিন ফারহানাকে শহীদ মিনারে বাধা, বিএনপি নেতাসহ ১৫০ জনের নামে মামলা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা এবং তাঁর কর্মীদের ওপর হামলা-মারধরের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মো. আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী বাদী হয়ে সরাইল থানায় মামলাটি করেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেনকে। এ ছাড়া পাঁচজনকে নামীয় এবং অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখিত আসামিদের অধিকাংশই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান রুমিন ফারহানা। পুষ্পস্তবক অর্পণের সময় আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সংসদ সদস্যের আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুষ্পস্তবক অর্পণ না করেই তিনি শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

পরে ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তাঁর সমর্থকেরা। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রুমিন ফারহানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর